ছাতকে বিদ্যুত্ অফিস ঘেরাও

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:০০
ছাতক পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে দু’দিন বিদ্যুত্ না থাকা এবং প্রায় প্রতিদিন লোড শেডিংয়ের নামে বিদ্যুত্ বিভ্রাটের কারণে আন্দোলনে নামছেন স্থানীয়রা। গতকাল শনিবার দুপুরে মাইকিং করে বিদ্যুত্ অফিস ঘেরাওয়ের মাধ্যমে জনসাধারণ তাদের দাবি উপস্থাপন করেন। পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, সাবেক কমিশনার ফয়জুর রহমান ও রবীন্দ্রনাথ মিন্টুর নেতৃত্বে এলাকাবাসী মিছিলসহকারে এসে প্রায় একঘন্টা বিদ্যুত্ অফিস ঘেরাও করে রাখেন। এ সময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী,আব্দুল মুমিন চৌধুরী, ফারুক মিয়া, হাবিবুল হক, মুক্তিযোদ্ধা আলকাছ আলী মেম্বার, মতই মিয়া চৌধুরী, আব্দুস সোবহান, মকবুল আলী বার্নার, মোজাম্মেল হক রুহেল, কাওসার আহমদ, সৈয়দ বুলবুল আহমদ, সমুজ মিয়া, সাহেব আলী, মহরম আলী, জামিল মিয়া, জামাল মিয়াসহ লোকজন উপস্থিত ছিলেন। থানা-পুলিশ ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়।