জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার বাসিন্দা পতু ফকিরের ছেলে বিভিন্ন হত্যা মামলার পলাতক আসামি রাসেল (২৫) গোপনে ফকিরপাড়া নিজ বাড়িতে এসে তার বেশ ক’জন সহযোগী নিয়ে আলাপ করতে থাকে। এ সময় ওয়ার্ড যুবলীগ নেতা জুলহাস হঠাত্ তার বাড়ির বাইরে এসে তাদের দেখতে পায়। জুলহাস কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী রাসেল তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ গুরুতর আহত জুলহাসকে প্রথমে ইসলামপুর হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় জুলহাসের বড়ভাই ফয়েজুর রহমান বাদী হয়ে ৭ জনকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সন্ত্রাসী রাসেলের সহযোগী চয়ন ও আকাশকে আটক করে।
