বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ছাতকে অজ্ঞাতনামা
লাশ উদ্ধার
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় গতকাল শনিবার সকালে নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত ব্যক্তি নিল রঙের একটি হাফ সার্ট পরিহিত ছিল।
বগুড়ায় বিদেশ
ফেরত ব্যক্তি খুন
বগুড়া সদর উপজেলার যশোপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার সকালে বিপ্লব হোসেন (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি ফয়জুর রহমান জানান, বিপ্ল¬ব দীর্ঘ ১০ বছর মালয়েশিয়া ছিলেন। দু’মাস আগে তিনি দেশে ফিরে আসেন। গত শুক্রবার রাতে মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরেনি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ভালুকায় শিশুকন্যাকে হত্যা করে মায়ের আত্মহত্যা
ময়মনসিংহের ভালুকা উপজেলার মিরকা গ্রামে গতকাল শনিবার ভোর রাতে শিউলী আক্তার সাড়ে চার বছরের শিশু কন্যা সুচিকে শ্বাসরোধে হত্যা করে গলায় রশি পেঁচিয়ে নিজে আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে। শিউলী আক্তার ৬ মাসের শিশুপুত্র শুভকে ঘুম পারিয়ে সাড়ে চার বছরের শিশুকন্যা সুচিকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে শিশুর লাশ বাড়ির পাশে একটি কড়ই গাছের ডালে রশি দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে একই ডালের সাথে গলায় রশি দিয়ে নিজে আত্মহত্যা করেন।
শিউলীর পিতা গিয়াস উদ্দিন খান জানান, তার মেয়ে ও নাতিকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
