সারাদেশ ফুটবল বিশ্বকাপে মেতেছে লক্ষ-কোটি ভক্ত নিয়ে। আর সেটা যদি হয় ব্রাজিল আর আর্জেন্টিনা সে ক্ষেত্রে তো আর কথাই নেই। একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করাটাই এখন ফুটবলে সৃজনশীল এ দুই দেশের সমর্থকদের কাছে যেন একটা আরাধনা। এরই একটু ভাগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন। বিএনসিসি’র ক্যাডেটদের মধ্যে যারা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক তাদের নিয়ে অনুষ্ঠিত হবে এ ফুটবল ম্যাচ।
আজ রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিএনসিসি’র মিলনমেলা-২০১৪ এর একটি ইভেন্ট হিসেবে এটি অনুষ্ঠিত হবে। গত শুক্রবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব প্রমাণের বিতর্ক প্রতিযোগিতা। শ্রেষ্ঠত্ব প্রমাণের এ বিতর্কে ব্রাজিলের সমর্থকরা নানা সোনালী ইতিহাস ও অর্জনকে দেখিয়ে বাগিয়ে নিয়েছে চ্যাম্পিয়নের মর্যাদা। আজ রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা অনেক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে উপভোগ করবেন তাদের প্রিয় ফুটবল দলের সমর্থনে ফুটবল খেলা।
