বাল্যবিবাহ রোধে নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে ......... তাসমিমা হোসেন

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫০
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, মেয়েদের বাল্যবিবাহ রোধে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। গতকাল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তাসমিমা হোসেন আরও বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের সমস্যা। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগ থাকতে হবে। তেলিখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল ও ইউপি সদস্য বাহউদ্দিন বাদল। এসময় তেলিখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাসমিমা হোসেনকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পাশাপাশি তাঁর সফর সঙ্গী পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদকীয় উপদেষ্টা ফারুক ফয়সাল ও স্থপতি আসিব করিমকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। ধাওয়া ইউনিয়নে বজ্রপাতে নিহত একটি অসহায় পরিবারকে গতকাল সকালে সেলাই মেশিন হস্তান্তর করেন সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ইউএনও কাজী মাহবুবুর রশীদ, ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ। বিকালে তাসমিমা হোসেন গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্ত্রাসীদের হাতে নিহত মরহুম আক্তারুজ্জামান দুলালের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন।