কালিহাতীতে রেল লাইনের মাটি ধস

ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:০৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় গতকাল শনিবার সকালে প্রচণ্ড বৃষ্টিতে রেল লাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইন মেরামত শেষে সাত ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, গত দুইদিন যাবত একটানা বৃষ্টির কারণে আনালিয়া বাড়ি এলাকায় লাইনের নিচে প্রায় ৭ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। শনিবার সকাল আটটার দিকে ওই স্থানে রেল লাইনের একটি অংশ দেবে যায়। ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রেল লাইন মেরামতের পর বেলা তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।