টেকনাফে পানি সংরক্ষণ প্রকল্পের বাঁধ ভেঙ্গে ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:০৫
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া পাহাড়ি এলাকায় নির্মিত পানি সংরক্ষণ প্রকল্পের বাঁধ ভেঙ্গে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি বিধ্বস্ত ও দুই শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ভারী বৃষ্টিতে পানি প্রকল্পে বাধটি ধসে পড়ে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, টেকনাফ পৌরসভার পানি সংকট ও সমস্যা নিরসনে পাহাড়ী ছড়া এবং বৃষ্টির পানি ধরে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে ১নং ও ২নং ওয়ার্ডের মধ্যবর্তী বন বিভাগের সংরক্ষিত এলাকায় পাহাড়ী ছড়াটির উপর বাঁধ নির্মাণের স্থান নির্বাচিত করা হয়। চলতি বছরে সিডিএনপি নামে একটি এনজিও সংস্থা প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে পানি সংরক্ষণ প্রকল্প কাজ শুরু করে বাঁধ স্থাপনের কাজ চলতি বছরের ৫ মে সমাপ্ত করে। প্রবল বর্ষণের ফলে শনিবার সকালে ঢলের চাপে অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধটি ভেঙ্গে শতাধিক বাড়ী-ঘর বিধ্বস্ত হয়। এসময় আরো দুই শতাধিক বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়। পানির টানে ফাতেমা খাতুন, আহমদ হোসেন, সনজিদা বেগম, ছৈয়দ আলম, জাহেদ হোসেন, আব্দুল হামিদ, মো ইছহাক মিয়া, জয়নাব বেগম, হাকিম আলী, নাছির উদ্দিন, নুর কবির, ইমাম হোছন, বাচা মিয়া, ছালেহ আহমদ, সোলতান আহমদ, মুন্নি আক্তার, মকবুল আহমদের বাড়ীসহ অর্ধশতাধিক বাড়ী বিধ্বস্ত হয়। এ সময় আরো দুই শতাধিক ঘর প্লাবিত হয়। এতে স্থানীয় আমির আলী, নুর বেগম, ফজিলত বেগম, হেলাল উদ্দিন, বশির আহমদ আহত হন। স্থানীয় রুজিনা আকতার বলেন, ঘর-বাড়ি হারিয়ে আমরা শেষ হয়ে গেলাম। চার সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব। এই ঘর ছিল একমাত্র থাকার স্থান। কোথায় গিয়ে আমরা আশ্রয় নেব। নেই কাপড়, নেই খাবার, নেই থাকার ঘর। স্থানীয়দের অভিযোগ প্রকল্পটি বাস্তবায়নের আগে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এবং অপরিকল্পিত মনগড়া প্রাকৃতিক ছড়ার উপর পানি সংরক্ষণের নামে বাঁধটি নির্মাণ করায় প্রবল বর্ষণে বাঁধটি রক্ষা পায়নি। অভিজ্ঞমহলের মতে বিপুল অর্থ অপচয় ঘটেছে। অনিয়মের কারণে কাজ চলাকালে কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি। পরে আবার কাজটি শুরু করে। স্থানীয় কমিশনার মোঃ হারেছ জানান, নির্মিত প্রকল্পের বাঁধ ভেঙ্গে পানির স্রোতে প্রায় শতাধিক বসতবাড়ি বিধ্বস্ত, দুই শতাধিক বাড়িঘর প্লাবিত হয়। এসময় ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি।