চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও অসচ্ছল ৯১৬ জন শিক্ষার্থীদের মধ্যে গতকাল শনিবার প্রায় ৪৭ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। গতকাল শনিবার নগরীর মুসলিম ইনষ্টিটিউট হলে জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চেক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন, শিক্ষা-সমাজ কল্যাণ ও অগ্রগতির ধারায় চট্টগ্রাম জেলা পরিষদ বিগত কয়েক বছরে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। সভাপতির বক্তব্যে এম এ সালাম বলেন, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ৯১৬ মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উত্সাহিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের পড়া-লেখায় মনোযোগী হয়ে সুশিক্ষিত দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, দেশপ্রেমিক নতুন প্রজন্মকেই আগামী দিনে জাতির হাল ধরতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রথীন্দ্রনাথ সেন প্রমুখ।
