দুর্নীতি ঠেকাতে না পারলে বিদ্যুত্ ক্ষেত্রে সরকারের অর্জন নষ্ট হয়ে যাবে -জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:০৫
বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বিআরইবি) দুর্নীতি হচ্ছে। এটি ঠেকাতে হবে। বিদ্যুত্ ক্ষেত্রে সরকারের অনেক অর্জন রয়েছে। দুর্নীতি না ঠেকালে সব অর্জন ধূলিসাত্ হয়ে যাবে। শনিবার সকালে রাজধানীতে বিআরইবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। সভায় আসন্ন রমজানে ও চলতি ফুটবল বিশ্বকাপ চলমান সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের উপর জোর দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার মঈন উদ্দীন বলেন, দুর্নীতি একেবারে অস্বীকার করা যাবে না। বেশ কিছু স্তরে দুর্নীতি হচ্ছে। এতে আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি হচ্ছে। সভায় লোডশেডিংয়ের কথা তুলে ধরে মঈন উদ্দীন বলেন, ইদানীং লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে গতমাস ও চলতি মাসে লোডশেডিং অনেক বেড়ে গেছে।