খালেদা জিয়া দেশকে জঙ্গিরাষ্ট্র করার চেষ্টা করছেন -ত্রাণমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:০৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন। দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা তাদের সেই ষড়যন্ত্রেরই অংশ। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার দিন বদলের পাঁচ বছর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটা বটগাছ। এই বটগাছকে ধাক্কা দেয়ার চেষ্টা করবেন না। ধাক্কা দিলে আপনারা নিজেরাই ছিটকে পড়বেন। সংগঠনের সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীর বিক্রম, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।