রাজনৈতিক সংকটের সমাধান রাজনীতির মাধ্যমে করতে হবে

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:৫৫
বর্তমান সরকারের মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া নিয়ে সরকার এখনই সংলাপে বসতে প্রস্তুত বলে রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিবের কাছে যে বক্তব্য দিয়েছেন, সেটির নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির এই বক্তব্য জনগণের কথা নয়। তার এহেন বক্তব্যের আমরা নিন্দা জানাচ্ছি। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংকটের একমাত্র পথ একটি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। আদালতে রায়ের মাধ্যমে অনেক কিছু হতে পারে। তবে রাজনীতিতে হতে পারে না। চলমান সংকটের সমাধানও ওই রায়ে আসবে না। আমরা মনে করি, রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেল ভিক্টোরির হলরুমে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ ও দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন- এটিই জনগণ চায়। তার ওপর সবার আস্থা থাকবে; কিন্তু প্রেসিডেন্ট সাহেব জাতিসংঘের মহাসচিবের কাছে যা বলেছেন, তাতে তিনি (রাষ্ট্রপতি) তার আস্থার জায়গাটা রাখলেন কোথায়? কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবীর মুরাদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ ও মত্স্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান প্রমুখ এতে বক্তব্য রাখেন।