বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শংকা

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:৫৭
বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিয়ে নতুন করে পরিকল্পনা করছে ফিফা। ব্রাজিলের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও উদ্বিগ্ন হয়ে পড়েছে। ব্রাজিল সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত রাখতে আকাশ ও স্থলপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যে কেউ ঢুকতে চাইলেই ব্রাজিলে ঢুকতে পারছে না। এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ৭২ জন নাগরিককে ব্রাজিলের ফেডারেশন পুলিশ বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠিয়েছে। ১৯টির দেশের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আমেরিকান ২৩ জন আর নাইজেরিয়ান ১৬ জন নাগরিক ফেরত গেছেন। আমেরিকান নাগরিকদের ফেরত দেয়া হলেও আমেরিকান অ্যাম্বেসি কোনো আপত্তি জানায়নি। সন্দেহের তালিকায় থাকার কারণে ব্রাজিলের বিমানবন্দরে আসা নাগরিকরা ঢোকার অনুমতি পাননি। ফেডারেল পুলিশ জানিয়েছে, যারা ফেরত গেছেন তাদের ভিসা নেই পাসপোর্টের মেয়াদ ছিল না। অন্য একটি সূত্র জানায়, সন্দেহ থাকায় ঢুকতে দেয়া হয়নি। এদের মধ্যে রয়েছেন আমেরিকান নাগরিক যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর্জেন্টিনার সমর্থকদেরও ফেরত পাঠানো হয়েছে। সে কথা আগেও জানানো হয়েছে। ব্রাসিলিয়ায় আমেরিকান অ্যাম্বেসি তার নাগরিকদের ভিসা নিয়ে ব্রাজিলে ঢুকতে বলেছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিলে ঢুকতে চাইছে বলে উদ্বগ্নি হয়ে পড়েছেন ফিফার কর্মকর্তারা। তারা গতকাল জরুরি সভায় বসেন। যেখানে বিচার মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে ১২টি স্টেডিয়ামে আরো নিরাপত্তা চৌকি বসানো হবে। লোকবল বাড়ানো হবে। সাদা পোশাকে পুলিশ পাহারা থাকবে। ব্রাজিলের ফেডারেশন পুলিশ জানিয়েছে, ব্রাজিলের বিমানবন্দর থেকে আর্জেন্টিনার ১৩ জনকে বলপূর্বক ফেরত পাঠানো হয়েছে। বিমান বন্দরে পৌঁছে তারা ফেরত যেতে রাজি হচ্ছিল না। ব্রাজিলের পুলিশের কাছে এই ব্যক্তিদের নামে অভিযোগ রয়েছে। প্রতিবেশী দেশ আর্জেন্টিনাও একটা তালিকা পাঠিয়েছে ব্রাজিলের কাছে। সেই তালিকা ধরে ধরে আর্জেন্টিনার নাগরিকদের ফেরত দেয়া হয়েছে। ফেডারেশন পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনা সরকার ২ হাজার ১০০ জনের একটি তালিকা ব্রাজিলের ফেডারেল পুলিশকে দিয়েছে, যারা আর্জেন্টিনায় দাগি আসামি বলে জানা গেছে। গত বুধবার রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে জোর করে ঢুকতে গিয়ে ৮৫ জন চিলির সমর্থক গ্রেফতার হন। পরে গ্রেফতারকৃতদের ৭২ ঘণ্টার মধ্যে ব্রাজিল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। একজন মেক্সিকান নাগরিককে গ্রেফতার করা হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিও বিমানবন্দরে। গ্রেফতারকৃত ব্যক্তিটির কাছে প্রচুর পরিমাণে আমেরিকান ডলার পাওয়ো গেছে। তিনি ব্রাসিয়লিয়ায় ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ দেখার কথা বলে বিমানে উঠে পড়েছিলেন। সেখান থেকে নামিয়ে এনে দেশে পাঠানো হয়েছে। বিশ্বকাপ ফুটবল আজকের খেলা বেলজিয়াম-রাশিয়া, রাত ১০:০০ দ. কোরিয়া-আলজেরিয়া, রাত ০১:০০ যুক্তরাষ্ট্র-পর্তুগাল, রাত ০৪:০০