বেতন বৈষম্য দূর করে জুলাইতে নতুন পে স্কেল কার্যকর দাবি

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:৫৮
বেতন বৈষম্য দূর করে চলতি বছরের জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেতন বৃদ্ধি না পাওয়ায় নিম্ন আয়ের কর্মচারীরা দুঃসহ জীবন-যাপন করছেন। সরকার বর্তমানে ৪ সদস্যের একটি পরিবারের জন্য নিম্নতম পর্যায়ে যে ৪১০০ টাকা প্রদান করে তা বাজারদরের সঙ্গে চরম অসঙ্গতিপূর্ণ। এক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার ৪ সদস্যের জন্য বরাদ্দ ৪০ হাজার টাকা। এই বৈষম্য দূর করে সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতন স্কেল ধার্য ও বিদ্যমান ২০টি স্কেল ভেঙ্গে ১০টিতে রূপান্তরের জন্য তারা সরকারের প্রতি দাবি জানান। এই দাবিতে আগামী ২৫ জুন সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও ১৭ আগস্ট ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে দাবি উপস্থাপন করে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি এম এ হান্নান, শাহাদাত্ হোসেন শহীদ, ছালজার রহমান, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, মো. সেলিম ভূঁইয়া, কামরুল ইসলাম, এমএ ওয়াদুদ, আবুল কালাম, শাহাদাত্ হোসেন বাবু, খন্দকার ফিরোজ হোসেন ও শাহ সিদ্দিক প্রমুখ।