ভাতিজার হাতে চাচা নিহত

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:৫৮
রাজধানীর কদমতলী থানার নামা-শ্যামপুর এলাকার ৩৮ নম্বর বাড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা মনোয়ার হোসেন ওরফে মনুর হাতে চাচা শামসুদ্দিন (৭০) নিহত হয়েছেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত শামসুদ্দিনের কন্যা রুমা অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাই মনোয়ার হোসেন মনু, ইকবাল এবং তাদের আরো দুই ভাই মিলে আমার বাবাকে হত্যা করেছে। এ সময় তাদের বাবাও উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, বেশ কিছুদিন যাবত জায়গা-জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ চলছিল। পরে গত ৩ মাস আগে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করেন। এরপর এটি নিয়ে অল্প কিছুদিন তেমন কোন ঝামেলা হয়নি। কিন্তু গত কয়েকদিন যাবত তারা আমাদের জায়গা-জমি জবর দখল করার চেষ্টা করে। এ নিয়ে শনিবার সকালে কথা কাটাকাটি হতে থাকে। এক পর্যায়ে মনু ও তার ভাইয়েরা মিলে আমার বাবাকে (শামসুদ্দিন) ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি আমরা শুনেছি। লাশ দেখে তদন্ত সাপেক্ষে বলা যাবে প্রকৃত ঘটনা। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, তিনি ভাতিজার ধাক্কায় নিহত হয়েছেন। শুনেছি তিনি স্ট্রোকের রোগী ছিলেন। এদিকে নিহতের মেয়ে রুমা জানিয়েছেন, তার বাবা স্ট্রোকের রোগী ছিলেন না। তিনি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। কিন্তু হত্যাকারীরা মূল ঘটনা ধামাচাপা দেয়ার জন্য এমনটি দাবি করছেন।