সুষমা স্বরাজ আসছেন ২৫ জুন

আপডেট : ২১ জুন ২০১৪, ২৩:০৫
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ২৫ জুন ঢাকা সফরে আসছেন। গত ২৬ মে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের এটিই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে এই সফরে তিনদিন ঢাকায় অবস্থান করবেন সুষমা স্বরাজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুষমা স্বরাজ ২৫ জুন শুভেচ্ছা সফরে ঢাকা যাবেন। তিনি সফরকালে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে তিনি আলোচনা করবেন। কূটনৈতিক সূত্র জানায়, সুষমা স্বরাজ ঢাকা সফরকালে দুইদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করবেন। বিগত পাঁচ বছর ভারতের কংগ্রেস সরকারের সময় ঢাকা ও দিল্লীর মধ্যে সম্পাদিত চুক্তি, সমঝোতাগুলো কার্যকর ও নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। বিশেষ করে ঝুলে থাকা বহুল আলোচিত প্রস্তাবিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও সীমান্ত প্রটোকল চুক্তি কার্যকরের ক্ষেত্রে বিজেপি সরকারের নীতি ও অবস্থান তুলে ধরবেন সুষমা স্বরাজ। বাংলাদেশ সরকার আশা করছে কংগ্রেসের সময়ে শুরু হওয়া এই দুটি ইস্যু বিজেপি সরকার বাস্তবায়ন করবে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত, বিদ্যুত্, নিরাপত্তা, যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রটি জানায়।