বিমান যাত্রায় যাত্রীদের প্রয়োজন মেটানো এবং তাদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করাই ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাজ। তবে বিনয়ের সাথে সকলের প্রয়োজন মেটানোর এই কাজটি করতে যেয়ে আকাশপথে প্রায়ই বিপত্তিতে পড়তে হয় বিমানবালা বা কেবিন ক্রুদের। বিশেষ করে যেসব যাত্রী অতিরিক্ত মদপানের কারণে কিংবা অভ্যাসগত কারণেই ফ্লাইট অ্যাটেনডেন্টদের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তাদের নিয়ে প্রায়ই হিমশিম খেতে হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষকে। তাছাড়া বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিমান ছিনতাই বা সন্ত্রাসী হামলার ঘটনার কারণেও এখন আগের চাইতে অনেক বেশি সাবধান থাকতে হয় ফ্লাইট অ্যাটেনডেন্টদের। আর এসব কিছু বিবেচনায় নিয়েই এখন থেকে বিমানবালা ও কেবিন ক্রুদের কুংফু প্রশিক্ষণ দেবে চীনের বেশ কয়েকটি বিমান সংস্থা। সম্প্রতি চীনের খ্যাতনামা সাউথওয়েস্ট এয়ারলাইন কলেজের সাথে দেশটির কিংবদন্তি কুংফু মাস্টার ইয়ে ওয়েনের ছেলে টু টেনজিয়াও এর কুংফু স্কুলের চুক্তি সাক্ষরের মধ্য দিয়ে আকাশপথে নিরাপত্তার নতুন এই যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে শিচুয়ান প্রদেশের চেংডু শহরে টু টেনজিয়াও এর স্কুলে যে বিশ হাজার জন্য শিক্ষার্থী কিং ও পাঞ্চ এর মতো আত্মরক্ষার কৌশল শিখছেন তার মধ্যে রয়েছেন উলে¬খযোগ্য সংখ্যক ফ্লাইট অ্যাটেনডেন্টও। এ প্রসঙ্গে মন্তব্য করতে যেয়ে প্রশিক্ষক টেনজিয়াও সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা যেভাবে বাড়ছে তাতে করে বিমানকর্মীদের জীবন ও মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকা এ ধরনের ঘটনা মোকাবেলা করার সামর্থ্য থাকা উচিত। এ কথা সবাই বোঝেন যে হাজার ফিট উঁচু এবং স্পর্শকাতর সব এয়ারলাইন্সে কখনোই চট করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শত্রুকে মোকাবেলা করা সম্ভব নয়। আর এ কারণে বিমান কর্মীদেরকে তাদের উপস্থিত বুদ্ধি ও শক্তির ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখতে হবে।’ টু টেনজিয়াও আরও জানিয়েছেন যে বিমান কর্মীদেরকে তিনি কুংফুর যে বিশেষ ধারাটি শেখাচ্ছেন সেটি খুব অল্প স্থানেই প্রয়োগ করা সম্ভব এবং এটি বিমান কর্মীদের কথা মাথায় রেখেই বিশেষভাবে তৈরি করা হয়েছে।’ তবে এয়ারলাইন্স ও কুংফু স্কুলের পক্ষ থেকে এ ধরনের প্রশিক্ষণের কারণ হিসেবে সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা বারবার বলা হলেও নাম প্রকাশে অনিচ্ছুক সাউথওয়েস্ট এয়ারলাইন কলেজের এক মুখপাত্র জানিয়েছেন, আকাশ পথে যেসব যাত্রী বিমানের কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন বা মাতলামি করেন তাদের সামাল দেওয়াও এই প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
