ডিএসইতে লেনদেন খরা

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:০৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন খরা শুরু হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২২২ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। এদিকে লেনদেন আরও কমে যাওয়ার আশঙ্কা থেকে রক্ষা করেছে সিমেন্ট খাত। এ খাতে লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকা। যা মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২ কোটি ৬৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি ৩৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। সিএসইসূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের গোল্ডেন সনের রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেননি বিনিয়োগকারীরা। গত ১৫ মে গোল্ডেন সনের পরিচালনা পর্ষদ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। ফেসভ্যালু ১০ টাকার সাথে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইটের ফেসভ্যালু নির্ধারণ করা হয় ৩০ টাকা। এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে ২১ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) করা হয়। ইজিএমে বিনিয়োগকারীরা রাইট শেয়ার ছাড়ার বিষয়ে সম্মতি দেননি। ফলে কোম্পানিটি রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বাড়াতে পারছে না। এদিকে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয়। গেল মাসে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের স্বার্থে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত বিএসইসির জারি করা নির্দেশনা থেকে ইউনাইটেড এয়ারওয়েজকে অব্যাহতি দেয়ার প্রস্তাবের ওপর মতামত দেয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু এর কোনো জবাব পাওয়া যায়নি। এ অবস্থায় ইউনাইটেড এয়ারওয়েজকে অব্যাহতি দেয়ার বিষয়ে মতামত দেয়ার জন্য নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।