আর কিছুদিন পরেই মুসলিম বিশ্বে শুরু হবে পবিত্র রমজান। আত্মসংযমের মাস হিসেবে পরিচিত এ মাসে কেনাকাটার ক্ষেত্রে আত্মসংযমই করতে হয় বটে। এ সময় স্বাভাবিক দামের তুলনায় দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে যুক্ত হয় ভেজাল ও ফরমালিন। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া চরম উদ্বেগের বিষয়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মূলত কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজি। তাদের কাছে জিম্মি হয়ে পড়ে সকল ক্রেতা। পবিত্র রমজান মাসকে স্বস্তির সঙ্গে উদ্যাপনের জন্য দ্রব্যমূল্য সহনশীল রাখা আবশ্যক। তাই রমজান মাসে জিনিসের দাম যাতে না বাড়ে এজন্য নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোল্লা আবু সালেহ, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
