বাঘায় ভারী বর্ষণে আমের বাজারে ধস

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:০৭
রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টিতে আমের বাজারে ধস নেমেছে। গত চারদিন পূর্বে যে আম ২ হাজার থেকে ২৪শ’ টাকা মণ ছিল তা এখন ১৫শ’ থেকে ১৬শ’ টাকায় নেমে এসেছে। ফলে হতাশ হয়ে পড়েছেন আম ব্যবসায়ীরা। গতকাল রবিবার পর্যন্ত উপজেলার বাস টার্মিনাল এলাকার আমের হাটে অসংখ্য বিক্রেতা থাকলেও ক্রেতা রয়েছেন হাতে-গোনা কয়েকজন। খিরাশাপাত ও ল্যাংড়া বিক্রি হচ্ছে প্রতিমণ ১৪শ’ থেকে ১৫শ’ টাকায়, লকনা সর্বোচ্চ ৯শ’ টাকা থেকে ১ হাজার টাকায় এবং বিভিন্ন গুটি প্রজাতির মিষ্টি আম ৮শ’ থেকে ৯শ’ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এসব আম বৃষ্টির পূর্বে ১৮শ’ থেকে ২৪শ’ টাকায় বিক্রি হয়েছিল। বাঘা উপজেলার আমোদপুর গ্রামের আম ব্যবসায়ী সাইফুল ইসলাম ও উসমান আলী জানান, এবার আম মৌসুমের শুরু থেকে আমের বাজার ভাল থাকলেও গত বৃহস্পতিবার রাত থেকে একটানা ভারি বৃষ্টিপাতের কারণে আমের চাহিদা কমে গেছে। উপজেলার বলিহার গ্রামের বাগান মালিক ও সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক জানান, প্রায় ৪০ বিঘা জমিতে বিভিন্ন জাতের আমগাছ রয়েছে। এ বছর আমের উত্পাদন ভালো না হলেও গতবছরের তুলনায়ই দাম ভাল পাওয়ায় তিনি কিছুটা লাভবান হওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু একাধারে একটানা বৃষ্টিতে সে লাভ ভেস্তে যেতে বসেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, প্রকৃতির উপরে কারো হাত নেই। তবে আবহাওয়ার এই বিরূপ প্রভাব থাকবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন।