ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের ভীড়ে চিকিত্সাসেবা ব্যাহত

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:০৮
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্যে রোগীদের চিকিত্সা সেবা বিলম্বের অভিযোগ পাওয়া গেছে। বহির্বিভাগে শত শত রোগীর চিকিত্সা সেবা দিতে ব্যস্ত চিকিত্সকদের সাথে রিপ্রেজেন্টেটিভরা সালাম বিনিময় এবং তাদের কোম্পানির ওষুধ লেখার জন্য বিভিন্ন নমুনা ওষুধ টেবিলে রাখছে। এতে করে রোগীদের চিকিত্সা সেবা বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী এ প্রতিবেদককে জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা চিকিত্সকের কাছে আসতেই পারে! তাদের যাওয়ার অধিকার আছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নোটিস দেয়া হয়েছে তারা দুপুর ১টার পর যেতে পারবে। এরপরও যদি রোগী দেখাকালীন সময় রিপ্রেজেন্টেটিভদের চিকিত্সকের কক্ষে দেখা যায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।