তারাগঞ্জে কাবিখা প্রকল্পে অনিয়ম

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:০৮
উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির বিশেষ প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। চারটি প্রকল্পে দায়সারাভাবে কাজ করে ভুয়া মাস্টাররোল দাখিল করে বরাদ্দকৃত অর্থ আত্মসাত্ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (কাবিখা) প্রথম পর্যায়ের আওতায় ইকরচালী ইউনিয়নের মেনানগর ঈদগাহ মাঠ হতে ভূতপাড়া পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে প্রকল্প চেয়ারম্যান এনামুল হকের নামে ৯ মেঃটন গম বরাদ্দ করা হয়। কিন্তু এ প্রকল্পে একাধিকবার ডিও নিয়ে গম উত্তোলন করা হলেও তেমন কোন কাজই করেননি প্রকল্প চেয়ারম্যান। অপরদিকে হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ইমামপাড়া মহিলা মাদ্রাসার মাঠ ভরাট ও সংস্কার কাজের জন্য প্রকল্প চেয়ারম্যান সাজানুর রহমান সাজুর নামে একই অর্থবছর ও সময় বরাদ্দ দেয়া হয় ৯ মেঃটন গম। তিনি একাধিকবার টিও নিয়ে গম উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। একই অবস্থা সয়ার ইউনিয়নের শেখ পাড়ার হিন্দুপাড়া বাঁশঝাড় হতে খোড়াজান পর্যন্ত রাস্তা সংস্কার ও দীঘলটারীর তেপথী হতে খোড়াজান পর্যন্ত রাস্তা সংস্কার কাজেও। প্রকল্পের সভাপতি যথাক্রমে আঃ হামিদ ও রফিকুল ইসলাম উভয় প্রকল্পে ৯ মেঃটন করে গম বরাদ্দ পেলেও কোন কাজ হয়নি। এ ব্যাপারে এলাকাবাসী সরেজমিন তদন্ত করে শ্রমিকের নামে ভুয়া রোল দাখিলকারী প্রকল্প চেয়ারম্যান/সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।