কুলাউড়ায় জালালাবাদ গ্যাসের ঘোষণায় গ্রাহকদের দুর্ভোগ

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:১০
জালালাবাদ গ্যাস ও ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের বিভ্রান্তিকর ঘোষণার ফলে কুলাউড়া আঞ্চলিক বিতরণ কার্যালয়ের (আবিকা) নিয়ন্ত্রণাধীন কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার গ্যাসের গ্রাহকরা গতকাল রবিবার ভোর থেকে চরম দুর্ভোগে পড়েছেন। জানা যায়, শনিবার বিকালে জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে তিনটি উপজেলায় একযোগে মাইকে ঘোষণা করা হয় রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঘোষণা অনুযায়ী তিনটি উপজেলার ৫ হাজারেরও বেশি গ্রাহক রবিবার ভোরে সারাদিনের জন্য খাদ্যদ্রব্য তৈরির প্রস্ততি নিতে গিয়ে জানতে পারেন শনিবার দিবাগত ভোর রাত ৪টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে অনেককে ছুটতে হয় খাবারের দোকানগুলোতে খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য। সেখানে ভিড় লেগে গেলে অনেককে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাড়ির আঙ্গিনায় অস্থায়ী চুলা তৈরি করতে হয়েছে। অনেকে শুকনো খাবার সংগ্রহ করেছেন। এ ব্যাপারে আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল এক এক সময় এক এক কথা বলেন। মৌলভীবাজারের বিক্রয় বিভাগের ডিজিএম মোঃ আব্দুল হকের সংগে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি প্রজেক্টের কাজ। সকাল ৮টার স্থলে ভোর ৪টায় কেন গ্যাস সরবরাহ বন্ধ করা হল বিষয়টি তার জানা নেই।