দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
উল্লাপাড়ায় সড়ক
দুর্ঘটনায় নিহত ১
উল্লাপাড়া (সিরাজগঞ্জ):গতকাল রবিবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের পাশে শ্যামলী পরিবহনের একটি কোচের সঙ্গে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে রবি চান (৩৮) নামের হিউম্যান হলারের এক যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ১২ জন। নিহত রবি চান উল্লাপাড়ার পাইকপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। আহতদের মধ্যে আসাদুল, বলরাম, আতিকুল, হাফিজুল, মজনু, খোকন, তানিয়া ও মৌ নামের আট যাত্রীকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকায় বাস চাপায়
শ্রমিকের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ):ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ির আমতলীতে শনিবার রাতে বাস চাপায় আব্দুল হামিদ (৩৪) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হামিদ ভালুকা উপজেলার হবিরবাড়িস্থ সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) শ্রমিক ও একই উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র।
গুরুদাসপুরে বিদ্যুত্স্পৃষ্টে
স্কুল শিক্ষকের মৃত্যু
গুরুদাসপুর (নাটোর):নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা দক্ষিণপাড়ায় বিদ্যুত্স্পৃষ্টে আব্দুল গাফফার(৫৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে মা গহরজান (৭৫) ও ছোটভাই আব্দুল গণি (৬০) দগ্ধ হয়েছে। এদের মধ্যে আব্দুল গনিকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সংসারে স্ত্রীসহ দুই মেয়ে রয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে। গতকাল রবিবার নিহত আব্দুল গাফফারকে দাফন করা হয়েছে।
ওসমানীনগরে বিদ্যুত্স্পৃষ্ট
হয়ে যুবকের মৃত্যু
ওসমানীনগর (সিলেট):সিলেটের ওসমানীনগরে বিদ্যুতের লাইন চুরি করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের স্থানীয় বাজারস্থ ইসলামিয়া একাডেমি সংলগ্ন এলাকায় উক্ত ঘটনাটি ঘটে। সে উপজেলার প্রথমপাশা গ্রামের হারিছ উল্লার পুত্র শেখ আনোয়ার (২৮)। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসাপাতালে প্রেরণ করে। আনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিল।
বড়াইগ্রামে দুই ট্রাকের
সংঘর্ষে ব্যবসায়ী নিহত
বড়াইগ্রাম (নাটোর):নাটোর বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সূতির পাড়ে দুই ট্রাকের সংঘর্ষে আব্দুল লতিফ (৩৫) নামে এক আম ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। রবিবার এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ রাজশাহী বাঘা উপজেলার ভানুকর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, রবিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সূতির পাড়ে ঢাকা থেকে রাজশাহীগামী খালি ট্রাক রাস্তায় দাঁড়ানো অপর একটি বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আব্দুল লতিফ ঘটনাস্থলে নিহত এবং চালকসহ আরো ৫ জন আহত হয়েছে।
ভুরুঙ্গামারীতে বিদ্যুতের তারে
জড়িয়ে ১ ব্যক্তির মৃত্যু
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :ভুরুঙ্গামারীতে পল্লী বিদ্যুতের অবৈধ লাইনের সাথে জড়িয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ ব্যক্তি। এরা ভুরুঙ্গামারী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
গতকাল রবিবার উপজেলার উত্তর পাথরডুবি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শাহিনুর রহমান (৪০)। সে মৃত ইব্রাহিম আলীর পুত্র। ভোরবেলা কলা গাছের থোড় কাটতে গিয়ে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় তাকে উদ্ধার করতে যাওয়া সিরাজুল (৩৬) ও রোকসানা (৩০) আহত হয়।
নীলফামারীতে সড়ক
দুর্ঘটনায় নিহত ১
নীলফামারী:শনিবার রাতে জলঢাকায় সড়ক দুর্ঘটনায় শিবেন চন্দ্র (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বালাগ্রাম ইউনিয়নের আরাজী দেশীবাই গ্রামের শিবেন চন্দ্র সাইকেলযোগে ডোমার-জলঢাকা সড়ক দিয়ে কালীগঞ্জ বাজার যাওয়ার সময় বারগোপাল নামক স্থানে ধান বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
