উপজেলায় সত্তর বছরেরও পুরোনো ভবনে চলছে খৈয়াছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান।
বরাবর ভাল রেজাল্ট আর ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে সাফল্য দেখিয়ে এলেও ভাল ভবন নেই বিদ্যালয়টির। প্রায় ৩০ বছর পূর্বে বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়াতে ভবনের ছাদ ভেঙ্গে উপরে টিনের ছাউনি দেয়া হয়। ছাউনীর টিনগুলো নষ্ট হয়ে প্রতি বছর বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। ফলে বৃষ্টির পানিতে ভিজে যায় ছাত্রদের বই খাতা এবং বর্ষা মৌসুমে বৃষ্টি হলে তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিতে হয়। ভবন সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনটিতে রয়েছে তিনটি শ্রেণিকক্ষ এবং শিক্ষকদের অফিস রুম আর নতুন ভবনটিতে রয়েছে দুইটি শ্রেণিকক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ভবন না থাকার কারণে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের ভবন সমস্যা সমাধান হয়ে গেলে আশা করি আমরা উপজেলায় প্রতি বছরই প্রথম হবো।
মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ঝুঁকিপূর্ণ ভবন এবং শ্রেণিকক্ষের সংকুলানের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আমাকে লিখিতভাবে জানিয়েছেন। এ বিষয়ে ভবন বরাদ্দের জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি।
