সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আলিম বাহিনীর ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনতার সহায়তায় গত শনিবার বিকালে সুন্দরবন তীরবর্তী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এদিকে আটককৃতদের নিয়ে সহযোগীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঐ বনদস্যু গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি শার্টার গান ও একটি দা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কয়রা উপজেলার গোগরা গ্রামের জেহের আলীর ছেলে জয়নাল (২৮) ও মদিনাবাদ গ্রামের বাবর আলীর ছেলে জসিম (২৫)। গুলিবিদ্ধ দু’দস্যুকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিত্সা দেয়া হচ্ছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সুন্দরবনের বনদস্যু আলিম বাহিনীর ঐ দু’সদস্য ডাকাতি শেষে মুন্সিগঞ্জ এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
