নেইমাররা নির্ভার আজ

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:১৭
ব্রাজিলিয়ানদের বিশ্বাস দেশের মাটিতে বিশ্বকাপ শিরোপা জেতার এবার তাদের মোক্ষম সুযোগ। তাই নেইমারদের প্রথম ও দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স নিয়ে দেশ-বিদেশের অনেক ব্রাজিল ভক্তই সমালোচনামুখর। এভাবে খেললে দ্বিতীয় পর্বে উঠলেও ফাইনালে খেলা সম্ভব হবে না বলেও কথা উঠেছে। তবুও ‘দ্য সাম্বা কিংস’দের বিশ্বাস তারাই কাপ ঘরে রেখে দেবে। স্পেন, ইংল্যান্ডের বিদায়টা ব্রাজিলকে হয়তো কিছুটা বাড়তি ভয় ধরিয়ে দিচ্ছে। তবে ব্রাজিল বস লুইস ফিলিপ স্কোলারি আশাবাদী শিষ্যদের নিয়ে। আজ ব্রাসিলিয়ায় ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে কোন পরিবর্তন আনছেন না তিনি। আগের স্কোয়াডই নামাবেন। থাকছেন নন্দিত ফুটবলার নেইমার, তরুণ অস্কার, ফ্রেড, সিলভারা। জয় সেলেসাওদের হাতের কাছেই। দুর্বল ক্যামেরুনকে হারাতে খুব একটা বেগ পাওয়ার কথা নয়। শক্তির পার্থক্যই তা বলে দেয়। এ ম্যাচে ড্র হলেও নকআউট পর্ব নিয়ে ভাবতে হবে না নেইমারদের। ব্রাজিল ১১ বছর দেশের মাটিতে অপরাজিত। এটাই স্বাগতিকদের বড় শক্তি হিসেবে কাজ করছে। তবে ব্যতিক্রম কিছু ঘটার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এর আগে ছয়বার বিশ্বকাপে অংশ নিয়েছে ক্যামেরুন। ১৯৯০ সালে কোয়ার্টার ফাইনালে উঠে পুরো ফুটবল দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিল রজার মিলারের দল। যদিও বাকি পাঁচ আসরে তারা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এবারও প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে অদম্য সিংহদের। ভাল খেলেও প্রতিপক্ষের জালে একটিবারও বল রাখতে পারেনি রজার মিলারের উত্তরসূরীরা। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরেছে ০-১ গোলে। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ব্যবধান ০-৪। তাই হারাবার কিছু নেই তাদের। শেষ বারের মত ব্রাজিলকে মরণ কামড় দিতেও পারে। তাই দর্শকদের জন্য জমজমাট লড়াই অপেক্ষা করছে আজ রাতে। সন্দেহ নেই পরিসংখ্যানে এগিয়ে ফুটবলের কালো মানিক পেলের দেশ। দুই দলের তিনবার দেখা হয়েছে এর আগে। স্বাগতিকরা দুইবার আর ক্যামেরুন জিতেছে একবার। ২০০১ কনফেডারেশন কাপে ২-০ গোলে জিতলেও ঐ টুর্নামেন্টের ২০০৩ সালের আসরে ০-১ গোলে হারে ব্রাজিল। বিশ্বকাপে একবার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে। তাতে ১৯৯৪ আমেরিকা বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছিল ক্যামেরুনকে। ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইজ বলেছেন, ‘আমরা এমন একটা দলের মুখোমুখি হচ্ছি, গত দুই ম্যাচে যারা খুব একটা গতি দেখাতে পারেনি। আমাদের বিপক্ষে জয় তাদের শিরোপা জয়ের শামিল। যা কখনো হতে দেব না।’ তবে দেশের বিমানে চড়ার আগে ক্যামেরুন যে একটি পয়েন্ট ছিনিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করবে সেটাও স্বীকার করলেন ঝাকড়া চুলের এই তারকা, ‘আমরা জানি, ম্যাচ খুব কঠিন হবে। কারণ তাদের কিছু পাওয়ার জন্য কোন চাপ থাকবে না।’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মেক্সিকো দ্বিতীয়। ক্রোয়েশিয়ার পয়েন্ট তিন। এ ম্যাচে চার ফুটবলারের হলুদ কার্ড নিয়ে লড়াইয়ে নামবেন স্কোলারি, যার মধ্যে অধিনায়ক থিয়াগো সিলভা ও নেইমারও আছেন। বিশ্বকাপ ফুটবল আজকের খেলা ‘বি’ গ্রুপ স্পেন-অস্ট্রেলিয়া, রাত ১০:০০ নেদারল্যান্ডস-চিলি, রাত ১০:০০ ‘এ’ গ্রুপ ব্রাজিল-ক্যামেরুন, রাত ২: ০০ ক্রোয়েশিয়া-মেক্সিকো, রাত ২: ০০