চ্যাম্পিয়নদের নিয়মরক্ষার ম্যাচ

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:১৯
বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচটা নিতান্ত নিয়মরক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্পেনের জন্য। প্রথম দুই ম্যাচের ব্যর্থতার পাশাপাশি এই ম্যাচে স্পেনের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে দলীয় কোন্দলের খবরও। যদিও ডিফেন্ডার রাউল অ্যালবিওল সেই বিতর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, শেষ ম্যাচে ভালো কিছু করতেই প্রস্তুত সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। গত বিশ্বকাপের রানার্স আপ নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপপর্বের প্রথম খেলায় চরমভাবে বিধ্বস্ত হয় সাবেক চ্যাম্পিয়ন স্পেন। ডাচদের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে হারার পর চিলির বিপক্ষেও হারে ২-০ গোলে। স্প্যানিশ মিডিয়াতে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। দলের ভেতরের অর্ন্তদ্বন্দ্বকেও দায়ী করছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে পয়েন্টের দেখা পায়নি স্পেন। শেষ খেলার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ঝুলিও শূন্য। তাই অন্তত সান্ত্বনাসূচক জয় চাইবে দুই দলই। তবে স্পেনের জন্য দুঃসংবাদ পেশির ইনজুরির কারণে গ্রুপপর্বের শেষ খেলায় থাকছেন না স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকে। এদিকে সেস ফ্যাব্রিগাস এবং কোচ ভিসেন্তে দেল বস্কের বাদানুবাদের ফলেই ফ্যাব্রিগাসকে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ১২ মিনিটের মাথায় কোচ তুলে নেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে মুখ খুলেছেন স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবিওল। আলবিওল বলেন, ‘প্রথম দুই খেলায় বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার ফলেই নানা গুজব উঠেছে। প্রথম রাউন্ডেই এভাবে বিদায় নেয়ার ফলে দলের সদস্যদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এটা সত্যি, কিন্তু দলের ঐক্যে কোনরকম ভাঙ্গন দেখা দেয়ার মতো ঘটনা ঘটেনি। আমার চোখে এধরনের দ্বন্দ্ব কখনো পড়েনি।’