নতুন প্রযুক্তি উদ্ভাবনে ভার্সিটি শিক্ষকদের ভূমিকা প্রয়োজন

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:১৯
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গবেষণা ও কৃষি সমপ্রসারণে নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। শিক্ষকরা গবেষণায় অধিক মনোযোগী হলে দেশ উপকৃত হবে। শিক্ষামন্ত্রী গতকাল রবিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আব্দুল বাসেত। শিক্ষামন্ত্রী আরো বলেন, দিন বদলের ঘোষণাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মান ও হার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমাদের কৃষি বিজ্ঞানীরা কৃষি গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে এগিয়ে নিতে পারবেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আবু সাঈদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষকের বক্তব্য রাখেন সিকৃবির ভিসি প্রফেসর ড. শহীদুল্লাহ তালুকদার। শিক্ষামন্ত্রী সিকৃবিতে নবনির্মিত আব্দুস সামাদ আজাদ ছাত্র হল ও রূপালী ব্যাংক সিকৃবি শাখার উদ্বোধন করেন।