সরকার প্রমাণ করেছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:২১
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের আগষ্টে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে। ২০১৭ সালের শেষের দিকে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে হতাশার অন্ধকারে ঢিল মেরে উন্নয়ন কাজ ব্যাহত করা যাবে না। শেখ হাসিনার সরকার প্রমাণ করেছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব। যারা পদ্মাসেতু নির্মাণ নিয়ে রাজনীতির মাঠ ঘোলাটে করতে চেয়েছিল তাদেরকে উচিত্ জবাব দেয়া হবে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করে। জুলাই মাসের শেষ সপ্তাহে দেয়া হবে নদী শাসনের কার্যাদেশ। তিনি রবিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যোগাযোগ মন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মাসেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর হোসেন, নদী শাসন নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম সরকার, পদ্মাসেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলীসহ সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তা।