বরগুনায় গৃহবধূ হত্যা মামলায় পিতা-পুত্রের মৃত্যুদণ্ড

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:২১
বরগুনায় গৃহবধূ তাজিনুর বেগম (২৫) হত্যা মামলায় স্বামী ও সত্ ছেলের ফাঁসি হয়েছে। একই মামলায় সতীন ও সতীনের পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় প্রদান করেন। ফাঁসির আদেশ প্রাপ্তরা হচ্ছে— নিহত তাজিনুর বেগমের স্বামী খলিলুর রহমান (৫৫) এবং স্বামীর প্রথম স্ত্রীর ছেলে মো. ইসমাইল (৩৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে—তাজিনুরের স্বামীর প্রথম স্ত্রী খাদিজা বেগম (৪০) ও সতীনের ছেলে ইসমাইলের স্ত্রী খুশি বেগম (২৮)। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে খলিলুর রহমান পলাতক রয়েছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার এপিপি মোস্তাফিজুর রহমান বাবুল জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের খলিলুর রহমান তার শ্বশুর (নিহত তাজিনুরের বাবা) আব্দুর রশিদের কাছ থেকে দুই কাঠা জমির স্থলে সাত কাঠা জমি দলিল করে নেয়। পরে সালিশের মাধ্যমে খলিল তার শ্বশুরকে অতিরিক্ত নেয়া পাঁচ কাঠা জমি ফেরত দেয়। তখন থেকেই শ্বশুর-জামাই মধ্যে বিরোধ শুরু হয়। ২০০৬ সালের ২০ ডিসেম্বর রাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা একত্রিত হয়ে তাজিনুরকে ঘর থেকে বের করে ওই এলাকার পাজরাফুটা নামক একটি খালের পাড়ে নিয়ে কুপিয়ে হত্যা করে। পরের দিন নিহত তাজিনুরের দুই মেয়ের দেয়া তথ্যের ভিত্তিতে ওই খালের পাড় থেকে তাজিনুরের লাশ উদ্ধার করে পাথরঘাটা পুলিশ। পরের দিন তাজিনুরের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।