হয়তো যে আশা নিয়ে চাকরিতে ঢুকেছিলেন ঢোকার পর সেই হিসেবটুকু আর কিছুতেই মেলানো গেলো না। এমনকি যে ধরনের কাজের কথা ভেবে কাজে যোগ দিয়েছিলেন আপনার কাজটিও হয়তো তার চাইতে একেবারেই ভিন্ন। এ ধরনের পরিস্থিতিতে অনেকটা অসন্তুষ্টি নিয়েই টাকার কথা চিন্তা করে কাজ চালিয়ে যান অনেক কর্মী। আবার কর্মীদের এই অস্বস্তির কথা যদি চাকরিদাতার জানা না থাকে তাহলে পক্ষান্তরে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রতিষ্ঠানটির জন্যও। মূলত এ ধরনের অসুবিধা থেকে মুক্তি পেতেই এবার অভিনব এক প্রস্তাব নিয়ে এসেছে আমেরিকার জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান রায়ট গেমস। কম্পিউটার প¬াটফর্মের দারুণ জনপ্রিয় গেম ‘লিগ অব লিজেন্ডস’-এর নির্মাতা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে যে, তাদের সাথে কাজ করা কোনো কর্মী যদি অসন্তুষ্ট হয়ে বা কাজের বিষয়ে অস্বস্তি বোধ করার কারণে চাকরি ছেড়ে দিতে চায় তাহলে চাকরি ছাড়ার বিনিময়ে তার বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ ডলার পর্যন্ত দেওয়া হবে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে, অধিকাংশ ভালো মানের প্রতিষ্ঠানই যেখানে তাদের কর্মীদের চাকরি ছাড়ার সময়ে নানা ধরনের প্রাপ্য ভাতা পরিশোধ করে থাকে তখন রায়ট গেমসের এই ঘোষণার মাঝে আর নতুন কী আছে। তবে রায়ট গেমস কর্তৃপক্ষের ব্যাখ্যায় জানিয়েছেন তাদের এই ভাতাটি যে সত্যিকার অর্থেই কর্মীর সন্তুষ্টি-অসন্তুষ্টির ওপর নির্ভরশীল তার সবচেয়ে বড় প্রমাণ হলো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাত্র দু’দিনের মাথায় চাকরি ছেড়ে চলে যেতে চাওয়া ব্যক্তিকেও দেওয়া হবে এই সুযোগটি। অন্যদিকে এ ধরনের প্রস্তাবের কারণ ব্যাখ্যা করতে যেয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া একটি ব¬গে বলা হয়েছে, ‘কর্মীর সাথে তার কাজের অসামঞ্জস্যটুকু নিয়ে সময় ক্ষেপণের চাইতে সেটা দ্রুত সমাধান করে ফেলার পক্ষপাতি আমরা। এটা যেমন প্রতিষ্ঠানের জন্য ভালো, তেমনি ভালো কর্মীর জন্যও। তবে এর মানে এই নয় যে আমরা আমাদের কর্মীদের বের করে দিতে চাইছি। বরং কিউ ডজ নামের এই প্রকল্পের আওতায় আমরা তাদেরকে শুধু এটাই জানাতে চাইছি যে তারা চাইলে তাদের অসন্তুষ্টির কথা আমাদের জানিয়ে ভালোভাবে ও সম্মানের সাথে চাকরি ছেড়ে দিতে পারেন। আর তাদের এই সিদ্ধান্ত পর্যালোচনা করে ভবিষ্যতে আমরা আরও সঠিকভাবে কর্মী নিয়োগ করতে পারব।’ উল্লে¬খ্য, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রায়ট গেমস নামের এই প্রতিষ্ঠানটির প্রায় ৮০০ কর্মী রয়েছে।
