জাতীয় তথ্য বাতায়নের যাত্রা শুরু

আপডেট : ২৩ জুন ২০১৪, ১৯:৫৩
দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি ‘জাতীয় তথ্য বাতায়ন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে গতকাল এর উদ্বোধন করেন। ইউএনডিপি ও ইউএসএইড-এর কারিগরি সহায়তায় পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে ও তত্ত্বাবধানে বাংলা ভাষায় এটি বিশ্বের বৃহত্তম সরকারি পোর্টাল। এর মাধ্যমে সরকারি উদ্যোগে ২৫ হাজার ৪৩টি (ইউনিয়ন ৪৫৫০; উপজেলা ১৪,৬৪০; জেলা ৪,০৩২; বিভাগ ৪৫৫; জেলা পরিষদ ৬৪; উপজেলা পরিষদ ৪৮৮; মন্ত্রণালয়-বিভাগ ৫৫; অধিদপ্তর ৩৪৫ এবং সিটি কর্পোরেশন/ পৌরসভায় ৪১৪) সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে একসূত্রে সংযুক্ত করার অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। নাগরিকদের তথ্য ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা করতে বাতায়নটি তৈরি করা হয়েছে। এখান থেকে নাগরিকরা সহজেই কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সা, আইন, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক তথ্য পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠান, সার্কুলার/গ্যাজেট, ৪০০ ই-সেবা পাবার বিভিন্ন ধাপ, সিটিজেন চার্টার, কর্মকর্তাবৃন্দের তালিকা, ৭ লক্ষের বেশি ই-ডিরেক্টরি, মুক্তিযোদ্ধাদের তালিকাসহ ২০ লক্ষের বেশি কনটেন্ট রয়েছে এই সাইটে। এর অন্যতম বিশেষত্ব হলো একটি ওয়েবসাইট (bangladesh.gov.bd) থেকেই ২৫ হাজার ওয়েবসাইট ভ্রমণ করা যাবে। মূল সাইটে প্রবেশ করলেই বাম দিকের মেন্যু থেকে নির্বাচন করা যাবে প্রয়োজনীয় সাইটের লিংক। জাতীয় তথ্য বাতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।