খেলার জন্যই সবসময় খবরের শিরোনামে উঠে আসেন ফুটবল তারকারা। তবে মাঝে মাঝে মাঠের বাইরের ঘটনার জন্য তারা খবরের শিরোনাম হন। ফ্যাশনের কারণে তো বটেই তাদের বাসস্থানের খবর দিয়েও আলোচিত তারা। তাদের রাজপ্রাসাদগুলোর কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
ইনিয়েস্তা
ইনিয়েস্তা, বার্সালোনার প্রথম খেলোয়াড় যিনি ৪.৬ মিলিয়ন ডলারের বাড়ির মালিক। তার এই রাজপ্রাসাদটি তৈরি করা হয় ২০০৫ সালে। সেসময় ইনিয়েস্তা নিজেই তার বাড়ির ডিজাইন করেছিলেন। সেখানে তিনি নিজ কারিগরিতে ৫টা বেডরুম, একটা চ্যাপেল এবং একটা সুইমিংপুলের ডিজাইন করেছিলেন। শুধু তাই নয়, পুরোটার ইন্টেরিয়রের কাজটিই তার করতে হয়েছিল। কারণ নিজ পছন্দের বাইরে গিয়ে তিনি তার বাড়ি ডিজাইন করতে চাননি। নিজের পছন্দ মতো রং, ডিজাইন, দরজা জানালা এমনকি টাইলসও তিনি নিজে পছন্দ করে দিয়েছেন। বাড়ির প্রতিটি সিঁড়িতেও যেন তার ছোঁয়া রয়েছে।
বাল্লোতেল্লি
ইটালিয়ান ফুটবল ক্লাব এসি মিলান। একসময়কার খুব নামকরা ক্লাব। এ ক্লাবের বেশ ভালো খেলায়াড় বাল্লোতেল্লি তার বাড়ি নিয়ে বেশ আবেগপ্রবণ। তিনি তার বাড়ির মধ্যেই পুরো স্টুডিও বানিয়ে ফেলেছেন। তিনি পরবর্তীতে ম্যানচেস্টার উইনাইটেডে খেলেছেন। তিনি তার পছন্দের এক ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে তার বাড়ির ডিজাইন করিয়েছেন। অন্যসবার মতো তার বাড়িতেও রয়েছে সুইমিং পুল কিন্তু তারটা ব্যতিক্রম এই কারণে যে তার বাড়ির সুইমিং পুলটা বাড়ির ভেতর দিয়ে গিয়ে বের হয়েছে। এছাড়াও তার বাড়িটা ডুপ্লেক্স। সামনে বিশাল পার্কিং লট এবং সেই সাথে রয়েছে টেনিস খেলার কোর্ট সমান মাঠ। উনি প্রায়ই শরীরচর্চার সরঞ্জাম নিয়ে বের হয়ে পড়েন সামনের মাঠে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বাসা তিনি নিজে হাতেই সাজাতে পছন্দ করেন। তার বাড়িটির মোট খরচ পড়ে প্রায় ৫ মিলিয়ন ডলার।
কাকা
ফুটবল তারকাদের বাড়ি নিয়ে বেশ শখের পরিচয় পাওয়া যায়। অন্যসব স্টারদের মধ্যে এসি মিলানের খেলোয়াড় কাকার বাড়িটাও তেমনই বিলাসবহুল। তিনি ২০০৬ সালে রিয়েল মাদ্রিদে যোগ দেন। এই বিখ্যাত ফুটবল তারকা রিকার্দো কাকার বাড়িটি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে সাজিয়েছেন তিনি। স্পেনের সবচেয়ে বড় শহরে অবস্থিত তার বাড়িটি। শুধু তাই নয়, স্পেনের রাজধানীতে অবস্থিত এটি। নানা রঙের ব্যবহারে করা হয়েছে তার বাড়ি। সেই সাথে বিশাল সুইমিং পুল। সব মিলিয়ে বেশ আয়েশ করেই থাকতে পছন্দ করেন তিনি। মাত্র তিন মিলিয়ন ডলারেই এমন একটা আকর্ষণীয় বাড়ি বানিয়ে ফেলেছেন তিনি।
