টানা ৭ কার্য দিবস পর গতকাল সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ দিন সূচক বাড়লেও লেনদেন খুব বেশি বাড়েনি। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। এ দিন এ কোম্পানির ৮ লাখ ৮২ হাজার ২০০ শেয়ার ২৬ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭০ কোটি ৪২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।
এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৫৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৮ লাখ টাকা।
ডিএসই জানিয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসই অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর শেয়ারবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এদিকে সুহূদ ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রবাসী বিনিয়োগকারীরা ২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকার আবেদন জমা দিয়েছেন। আর স্থানীয় বিনিয়োগকারীরা মোট ৫৮৭ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৯৫৬ টাকার আবেদন জমা দিয়েছেন। অর্থাত্ এ পর্যন্ত মোট ৫৯০ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ৯৫৬ টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির চাহিদার ৪২ গুণ। কোম্পানিটি পুঁজিবাজার থেকে মোট ১৪ কোটি টাকা সংগ্রহ করবে।
