বাংলাদেশের পোশাক শিল্পখাত নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নেতিবাচক চিঠি পাঠানো শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল দেশদ্রোহিতা করেছে অভিযোগ তুলে সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল সোমবার বিজিএমইএতে বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম এ দাবি জানান। বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের পোশাক শিল্পখাত সংশ্লিষ্ট নেতিবাচক যে চিঠি ইন্ডাস্ট্রিঅল-এর প্যাডে আমেরিকায় গিয়েছে, তার দায় ইন্ডাস্ট্রিঅলকেই নিতে হবে। তিনি বলেন, এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা যখন বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি অর্জনের জন্য যুদ্ধ করে যাচ্ছি সে সময় এ ধরনের মিথ্যা প্রচারণা দেশদ্রোহিতার শামিল। আমরা সরকারের কাছে ইন্ডাস্ট্রিঅলের বিরুদ্ধে আইনানুগ শাস্তি দাবি করছি।
এ সময় গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকগণ পোশাক মালিকদের ভাবমূর্তি উদ্ধারে শ্রমিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে বিজিএমইএকে আরো গতিশীল এবং গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন। মতবিনিময়কালে বিজিএমইএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
