ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের অনুরোধ বিএসইসির

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:১৬
শেয়ারবাজারে লেনদেনকারীদের উপর নতুন করে আরোপ করা ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক বৈঠক করে এ অনুরোধ জানানো হয়েছে। গতকাল সোমবার এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের কাছে এ প্রস্তাবনা দেয়া হয়। বিএসইসি’র পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন ও আরিফ খান। এনবিআরের পক্ষে চেয়ারম্যান গোলাম হোসেন ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, এনবিআরের সঙ্গে বিএসইসির বৈঠক হয়েছে। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে চলতি অর্থবছরের চূড়ান্ত বাজেট যাতে প্রণয়ন করা হয় সে বিষয়ে বিএসইসির প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। বৈঠকে কোম্পানিগুলোর ২০ শতাংশের বেশি লভ্যাংশের ক্ষেত্রে ১০ শতাংশ কর রেয়াত সুবিধা পুনর্বহাল রাখার সুপারিশ করা হয়েছে। আর বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয় ১৫ হাজার টাকার বেশি উন্নীত করার বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।