বিনোদন ডেস্ক
রমজানের ঈদ মানেই সালমান খানের সিনেমা। এই ঈদে সেই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে ‘ভারত’। এই সিনেমাতে অভিনয় করে বলিউডে বেশ বড় জায়গাতে নিজের নাম পৌঁছে দিয়েছেন দিশা। সালমান খানের সঙ্গে এই সিনেমাতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিশা পাটানিকে। একজন সার্কাসের টারপেজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তাই দিশার সঙ্গে সালমানের পর্দার রসায়ন দেখার জন্য প্রস্তুত আছেন দর্শকরা। কিন্তু হয়তো এটাই দিশার সঙ্গে সালমানের শেষ কাজ হতে চলেছে। সম্প্রতি দিশা পাটানি বলেছেন, সালমান খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি সৌভাগ্যবান। জীবনে তাঁর সঙ্গে কাজ করার আর সুযোগ পাবেন কি-না, সে বিষয়েও নিশ্চিত নন। এক সাক্ষাত্কারে দিশা পাটানি বলেছেন, ‘বিশ্বাস করুন, আমি হয়তো জানিও না সালমান স্যারের সঙ্গে আর কোনোদিন কাজ করতে পারবো না আমি। এই কথাটি আলী স্যার আমাকে চিত্রনাট্য পড়াতে গিয়ে বুঝিয়েছিলেন।’ বাস্তবজীবনে সালমানের বয়স ৫৩ আর দিশার বয়স ২৬। ভারত-এ একটি পর্বে সালমানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দিশাকে।
সেই প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘বয়সের বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও ভারত-এ আমরা গ্রহণযোগ্য। কারণ এই অংশে সালমান স্যারকে কুড়ি-তিরিশ বছরের কালপর্ব দেখানো হয়েছে। আমি তত্ক্ষণাত্ হ্যাঁ বলে দিই। মানুষ হিসেবে উনি অসাধারণ এবং কঠোর পরিশ্রমী। আমি তাঁর কাছ থেকে অনেককিছু শিখেছি। আর তাছাড়া ভারত আমার জন্য বিশেষ, কারণ এমন সেটে আমি কখনো কাজ করিনি।’ ভারত-এর পর ‘মালাঙ্গ’ সিনেমায় দেখা যাবে দিশা পাটানিকে। কার্তিক আরিয়ানের সঙ্গেও একটি সিনেমা করবেন তিনি। আর এগুলো শেষে ‘সংঘমিত্র’ সিনেমার কাজ শুরু করবেন দিশা।
