ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা নেই

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বিভিন্নস্থানে সামান্য বৃষ্টিতেই গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা বেড়েই চলছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, মহাসড়কে ভারী যানবাহন চলার কারণে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার, হাড়িসর্দার, আমানগন্ডা, বাতিসা, নানকরা এলাকায় গর্তের সৃষ্টি হয়েছে। তবে চৌদ্দগ্রাম বাজার এলাকায় সড়কের পূর্ব পাশের গর্তে অনেক সময় প্রাইভেটকার আটকে পড়ায় কিছুটা যানজট হয়। অপরদিকে মহাসড়কের ছুপুয়া, কালির বাজার, হায়দারপুল এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে সড়ক নির্মাণ করায় ফোরলেনের মাঝে পুকুরের মত জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বেশিরভাগ সময়ই পানি ছিটকে সিএনজি অটোরিকশাসহ ছোট যানবাহনের গাড়ির যাত্রীদের জামা-কাপড় নষ্ট হয়ে যায়। গাড়ির চালক, যাত্রী ও স্থানীয় জনগণ অভিযোগ করেন, কয়েকদিন পর পরই নিম্নমানের ইট সুরকি দিয়ে গর্তগুলো ভরাট করে দিলেও সামান্য বৃষ্টি হলেই গাড়ির চাকার আঘাতে সেগুলো পূর্বের রূপ লাভ করে।