ঝিনাইদহে সাড়ে ৫ মাসে ৩৪ খুন

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:২৩
ঝিনাইদহে আবার স্বজন হারানোর কান্না ও আহাজারি শুনে মানুষের ঘুম ভাঙ্গছে। চলতি বছর এ জেলায় খুন, অপহরণ ও চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। গত সাড়ে ৫ মাসে অন্তত ৩৪ জন খুন হয়েছে। মাঠে-ঘাটে লাশ পড়ছে। পুলিশ ও মিডিয়াতে প্রকাশিত তথ্যে জানা যায়, জানুয়ারি মাসে ৬ জন, ফেব্রুয়ারি মাসে ৪ জন, মার্চ মাসে ৬ জন, এপ্রিল মাসে ৫ জন, মে মাসে ৯ জন ও জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত ৪ জন খুন হয়েছে। দু’ দুল গ্রামবাসীর সংঘর্ষে, বাড়ি থেকে ধরে এনে, অপহরণের পর এবং বাড়ি থেকে বের হওয়ার পর এ সব খুনের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রাজনৈতিক দলের কর্মী, শিশু, গৃহবধূ, কৃষক ও ব্যবসায়ী রয়েছে। এক সময় ঝিনাইদহ রক্তাক্ত জনপদ বলে পরিচিত ছিল। তখন চরমপন্থিদের অভয়ারণ্য ছিল ঝিনাইদহ। প্রতি মাসে ৫ - ১০ খুন হতো চরমপন্থিদের হাতে। এরপর র্যাব-পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি দলগুলোর প্রায় দুশো শীর্ষ নেতা ক্যাডার নিহত হয়। চরমপন্থি দলগুলোর তত্পরতা স্তিমিত হয়ে যায়। কমে যায় হত্যাকাণ্ড। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, ব্যক্তিগত শত্রুতার কারণে সমপ্রতি খুন বেড়েছে। পুলিশ খুনিদের গ্রেপ্তারে তত্পর রয়েছে।