টানা বর্ষণে গাইবান্ধায় নদী ভাঙ্গন সহস্রাধিক পরিবার আশ্রয়হীন

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:৩২
গত চারদিনের অবিরাম বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। এদিকে নদী ভাঙ্গনের তীব্রতাও বেড়েছে জেলার ব্রহ্মপুত্র-যমুনার ২৪টি পয়েন্টে। ওইসব এলাকায় গত এক সপ্তাহের নদী ভাঙ্গনে জেলার সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার সহস্রাধিক পরিবার বসতভিটা হারিয়ে বিভিন্নস্থানে আশ্রয় নিয়েছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র-যমুনার পানিও বৃদ্ধি পেতে শুরু করলে পানির স্রোতে সাঘাটা উপজেলার হলদিয়া, গুয়াবাড়ি, দক্ষিণ দিঘলকান্দি, পাতিলবাড়ি, ছিপিগাড়ামারা, কুমারপাড়া, ফুলছড়ি উপজেলার জামিরা, দেলুয়াবাড়ি, গাবগাছি, টেংরাকান্দি, খোলাবাড়ি, নিশ্চিন্তপুর, ফজলুপুর, এরেন্ডাবাড়ি, সদর উপজেলার মোল্ল¬ারচর, খারজানি, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চন্ডিপুর গ্রামে নদী ভাঙ্গন দেখা দেয়। সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নদীতে পানি ঢুকতে না ঢুকতেই এ বছর যেভাবে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, পানি আরো বৃদ্ধি পেলে নদী ভাঙ্গন আরো ভয়াবহ হবে বলে তিনি জানান। তিনি আরো জানান, এই ইউনিয়নে প্রায় ৫ শতাধিক বেশি পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়েছেন। এসব পরিবারের জন্য সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।