স্ত্রীকে ট্রেনের কেবিনে শ্বাসরোধে হত্যা করা পুলিশ কনস্টেবল মামুন অর রশীদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। গত রবিবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজবাড়ি রেলওয়ে থানার ওসি মনিরুজ্জামান গতকাল সোমবার জানান, ‘আমরা মামুনকে এখনো রিমান্ডে আনিনি, তবে সুবিধামত রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
জেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের শুকুর মন্ডলের মেয়ে মর্জিনা খাতুন (১৯) এর সঙ্গে দু’বছর আগে কালুখালী উপজেলার হেলাল মোল্লার ছেলে মামুন অর রশিদ (২০) এর বিয়ে হয়। গত ১ মার্চ গোয়ালন্দ ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নকশিকাঁথা মেইল ট্রেনের বন্ধ ৫০০২নং কেবিন থেকে মর্জিনার লাশ রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে।
মোবাইল ফোনের সূত্র ধরে গত শনিবার রাত ৯টার দিকে ঢাকা মেট্রো পলিটনের সাউথ ডিভিশনে কর্মরত পুলিশ কনস্টেবল, মর্জিনার স্বামী মামুন অর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য রাজবাড়ীর রেলওয়ে থানায় ডেকে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে “চলন্ত ট্রেনে মধ্যে গলাটিপে মর্জিনাকে হত্যার” কথা সে স্বীকার করে। যে কারণে ওই সময়ই তাকে গ্রেফতার করা হয়।
