পাচারের ছয় মাস পর তরুণী উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:৩৩
পাচারের ছয় মাস পর এক তরুণীকে উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। গতকাল সোমবার সকালে কলারোয়া বাসষ্টান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। এসআই হারাধন কুন্ডু জানান, গত ডিসেম্বর মাসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের কলুপাড়ার দুই বোন উপজেলার কাদপুর গ্রামে ভগ্নিপতির বাড়ি বেড়াতে আসে। এ সময় ভগ্নিপতির প্রতিবেশী সামছুর রহমানের ছেলে মিলন হোসেন ও তার বন্ধু আব্দুল জলিলের ছেলে মন্টু গোলদারের সাথে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের সাথে দুই বোনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সম্পর্কের জের ধরে দুই বোনকে বেশি বেতনে চাকরি দেয়ার নাম করে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। এ সময় এক বোন ভারতে যেতে রাজি হলেও বড় বোন দ্বিমত পোষণ করে। মিলন ও তার বন্ধু মন্টু অপর বোনকে নিয়ে ভারতের মুম্বাই শহরের অন্ধগলিতে বিক্রি করে। বিষয়টি জানতে পেরে রশিদা গত ছয়মাস যাবত্ তার বোনকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বড় বোন বাদি হয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করে। ঘটনার জের ধরে মামলার তদন্তকারি কর্মকর্তা গতকাল সোমবার কলারোয়া বাসষ্টান্ড থেকে ছোট বোনকে উদ্ধার করে।