খোয়াই নদীর পানি বিপদসীমার ৮০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:১৩
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দু’দিনের টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে সার্কিট হাউজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনসহ বেশ কিছু এলাকা। বিভিন্ন স্থানে বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষের দুর্ভোগ চরমে। ভারি বর্ষণের ফলে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রবিবার রাত থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। শহররক্ষা বাঁধের অন্তত ২০টি ঝুঁকিপূর্ণ স্থানে রাত জেগে পাহারা দিচ্ছে এলাকাবাসী। টানা বর্ষণে শ্যামলী, হরিপুর, কালিবাড়ি ক্রস রোড, মোহনপুরসহ কয়েকটি এলাকার বাসিন্দারা ঘরে খাটের উপর বসবাস করছেন। শহরের প্রধান সড়ক ও ড্রেনগুলো পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই জাল দিয়ে মাছ শিকার করতে নামেন। নদীর পানি বৃদ্ধির পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জরুরি বৈঠক করেছেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। এতে ফায়ার সার্ভিস, জেলা ত্রাণ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, পর্যাপ্ত পরিমাণ বালুর বস্তা প্রস্তুত করে রাখা হয়েছে। খোয়াই নদীর বাঁধ ভাঙ্গনের অবস্থা সৃষ্টি হলে সাথে সাথে তা মেরামতের জন্য লোকবলও প্রস্তুত রয়েছে। খোয়াই নদীর যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাইদুল আলম জানান, পানির অবস্থান সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। শহররক্ষা বাঁধ ভাঙ্গনের আগেই ব্যবস্থা নেয়া হবে। শহরের পানি নিষ্কাশনে দুর্বল ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন শহরবাসী।