টেলিটকের কাছে প্রত্যাশা

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:১৩
সরকারি প্রতিষ্ঠানের কাছে অনেক বেশি প্রত্যাশা থাকে। সেই আশায় নেটওয়ার্ক দুর্বল হওয়া সত্ত্বেও টেলিটকের সিম ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। তাই একটু সুযোগ-সুবিধাও বাড়ানো প্রয়োজন। যার মধ্যে আরো দ্রুত গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও সন্তোষ্টির জন্য—১) সব ইন্টারনেট সেবাদাতা যখন শুধু বাণিজ্যিক ও শহরকেন্দ্রিক, তখন এ ক্ষেত্রে টেলিটকের উচিত উপজেলাকে অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা সবার আগে ৩জি সেবায়। ২) ইন্টারনেট প্যাকেজে গতানুগতিকতা পরিত্যাগ করে নতুন কিছু যোগ করা। যেমন:উচ্চগতির ২ মাস, ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১ বছর মেয়াদি স্বল্পমূল্যের প্যাকেজ চালু করা। ৩) গ্রামীণ এলাকায় নেটওর্য়াক দুর্বলজনিত গতি ও প্যাকেজ মেয়াদ বৃদ্ধি এবং প্যাকেজ মূল্য কমানো। ৪) ছুটির দিনগুলোতে সুবিধা বাড়ানো ও ব্যয় কমানো। মো. জাহিদ সুলতান, পারতিতপরল, সারিয়াকান্দি, বগুড়া