বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক।
শিবগঞ্জে স্কুলছাত্র নিহত
শিবগঞ্জের খড়কপুর এলাকায় গতকাল সোমবার সকালে ট্রলির ধাক্কায় ফয়সাল (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ধবড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
তালায় আহত নারীর মৃত্যু
সাতক্ষীরার তালার জাতপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে আহত ৪ জনের মধ্যে রোকেয়া বেগম (৩২) নামে আরো এক নারী শ্রমিক গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
মেহেরপুরে গৃহবধূর মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে গত রবিবার রাতে সাপের কামড়ে রাশেদা খাতুন (৩০) নামে এক গৃহবধূ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, রমজান আলীর স্ত্রী রাশেদা খাতুনকে নিজ ঘরে কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
এদিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে গত রবিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে লতিফুন্নেসা (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। স্থানীয় শিক্ষক সেকেন্দার আলি জানান, লতিফুন্নেসার মেজ ছেলে খাইরুল ইসলামের বাড়িতে যাওয়ার সময় রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি মারা যান।
বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড়ে গতকাল সোমবার সকালে বাসের ধাক্কায় জেওয়াল হোসেন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জেওয়াল বাইসাইকেল-যোগে বাজার করতে মেহেরপুর শহরে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সে আহত হন। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সিরাজগঞ্জে সিএনজি আরোহী নিহত
সিরাজগঞ্জ শহরের এম এ মতিন বাস টার্মিনাল এলাকায় গত রবিবার রাতে অজ্ঞাত পরিচয় (৫০) একজন সিএনজি আরোহী নিহত ও আরো চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতকে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গত রবিবার সন্ধ্যায় আফজলাবাদ রেলওয়ে স্টেশনের কাছে ছাতকগামী ট্রেনে কাটা পড়ে দবির মিয়া (২৪) নামে যুবকের মৃত্যু হয়। সে উপজেলার শিবনগর গ্রামের মৃত কলিমউদ্দিনের পুত্র।
রায়গঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামে গতকাল সোমবার সকালে বজ্রপাতে মাসুদ রানা (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। বাড়ির পাশে জলাভূমিতে মাছ ধরতে গিয়ে সে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
