নারায়ণগঞ্জে নির্বাচন উপলক্ষে অভিযান

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:১৪
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন উপলক্ষে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। উপ-নির্বাচনে সংঘর্ষের পরিস্থিতি এড়াতে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশ করে চিঠি পাঠানোর পরেই রবিবার রাত থেকে এ অভিযান শুরু হয়। রাত সাড়ে ১০টায় বন্দর পৌর জামায়াতের আমীর ডা. শহীদুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। বন্দর বাজারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বন্দর থানার ডিউটি অফিসার এএসআই সাখাওয়াত হোসেন আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, শহীদুলকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানান, নির্বাচনের আগে তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে নির্বাচনে সহিংসতা ও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে পারে এমন কিছু সন্দেহভাজনদেরও তালিকা করা হয়েছে। এরমধ্যে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীর নামও রয়েছে। সে তালিকা ধরেই তাদের গ্রেপ্তারের পর বিভিন্ন পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে। প্রসঙ্গত আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে সংঘর্ষের পরিস্থিতি এড়াতে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করছে নির্বাচন কমিশন (ইসি)।