বগুড়ার সান্তাহার শহরের উত্তর ঢাকা মোড়ে অবস্থিত আনিকা ফিলিং স্টেশনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতরা নগদ ৮ লাখ টাকা ও মোবাইল ফোন এবং টর্চলাইট লুট করে নিয়ে গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই পাম্পের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও সান্তাহার রেলওয়ে পূর্ব কলোনী থেকে হবিবর রহমান নামে ২ জনকে আটক করেছে।
জানা গেছে, রবিবার রাত ৩টার দিকে ১০/১২ জনের ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে ওই পেট্রোল পাম্পে হানা দেয়। ডাকাতরা প্রথমে নৈশ প্রহরী মোহাম্মদ আলী ও পাম্পের তৈল ওজনকারী ২ মেশিনম্যান সনি এবং লিখনকে ধরে বেঁধে রাখে। এর পর ডাকাতরা পাম্পের ক্যাশ কাউন্টারের দরজা খুলে ধারালো অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুট করে। এরপর মেশিনম্যানের মোবাইল ফোন ও নৈশ প্রহরীর টর্চলাইট নিয়ে যায়।
