বেগমগঞ্জে হাটবাজার, জলমহাল ও বিভিন্ন আদায়কৃত ফি ভুয়া ট্রেজারি চালান সৃষ্টি করে সরকারি তহবিলে জমা দেখিয়ে, কোটি কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে বেগমগঞ্জ উপজেলা অফিস সহকারী মোহাম্মদ জহিরুল ইসলামকে আটক করে তার কাছ থেকে নগদ ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হচ্ছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ জানান, হাটবাজার, জলমহাল ইজারা প্রদান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন ফি আদায় করার পর ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি হিসাবে জমা না করা। অফিস সহকারী মোহাম্মদ জহিরুল নিজে ভুয়া ট্রেজারি চালান করে অফিস ফাইলে সংরক্ষণ করতো। এভাবে গত কয়েক বছর ধরে কয়েক কোটি টাকা নিজের পকেটস্থ করেন।
সমপ্রতি আলাইয়ারপুর ইউনিয়নের মীরের দীঘির জলমহাল ইজারা প্রদান করা হয়। ইজারাদার কর্তৃক পরিশোধকৃত দুই লক্ষ ৬২ হাজার টাকা ট্রেজারিতে জমা দেয়ার চালান কপি দেখার সময় সন্দেহের সৃষ্টি হয়। পরে ব্যাংক ষ্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখার পর ব্যাংকে জমা না হওয়ার ব্যাপার নিশ্চিত হয়। পরে অফিস সহকারী জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ও চাপ সৃষ্টি করা হলে সে দোষ স্বীকার করে এবং জানুয়ারি-১৪ থেকে এ পর্যন্ত আত্মসাত্কৃত ১৫ লক্ষ টাকা ফেরত দেয়। জহিরুল ইসলাম ২০০৭ সনের মাঝামাঝি বেগমগঞ্জ উপজেলায় যোগদান করে।
