কঠিন হিসাবের নক আউট রাউন্ড

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:২৭
দুটি করে ম্যাচ হয়ে যাওয়ায় প্রায় সব গ্রুপেই শেষ ম্যাচটি হয়ে উঠেছে নক আউট রাউন্ডের টিকেট কাটার লড়াইয়ে। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ডের ভাগ্য এড়াতে মরিয়া হয়ে উঠেছে বড় শক্তিগুলো। আবার, অস্ট্রেলিয়া-হন্ডুরাসের মতো কোন কোন দলের জন্য শেষ ম্যাচটি দাঁড়িয়েছে ‘অন্তত কিছু নিয়ে ব্রাজিল ছাড়ার’ সুযোগ হিসাবে। সমালোচক আর ফুটবল বোদ্ধাদের অধিকাংশকে রীতিমতো হাসির পাত্রে পরিণত করে ব্রাজিল বিশ্বকাপ একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছে। নানা নতুন ঘটনা আর নতুন তারকার জন্ম দিয়ে বিশ্বকাপ সৌন্দর্যের পুরোটাই যেন উপহার দিচ্ছে ব্রাজিল। ফলে এক ম্যাচ হাতে রেখেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন কিংবা ইংল্যান্ডের মতো তারকাবহুল দলের বিদায়েও এতটুকু রং হারায়নি বিশ্বকাপ। বরং ভক্তদের মনে ওয়েইন রুনি-দিয়েগো কস্তাদের জায়গা দখল করে ফেলেছেন ইনার ভ্যালেন্সিয়া-গুইলেরমো ওচোয়ারা। ‘বি’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস-চিলি দু’দল আগেই নক আউট রাউন্ড নিশ্চিত করে ফেললেও তাদের খেলাটি নিছক নিয়মরক্ষার ছিল না। কারণ, ব্রাজিল যদি পরের রাউন্ডে চলে যায়, সেখানে কে তাদের প্রতিদ্বন্দ্বী হবে সেটা নির্ভর করছিল এই ম্যাচের উপরেই। বাকি ছয় গ্রুপের ২৪ দলের ভাগ্যও নির্ধারিত হয়ে যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যেই। এদিকে ‘সি’ গ্রুপ থেকে কলম্বিয়ার সামনে সুযোগ শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নক আউট রাউন্ডে উত্তরণের। অবশ্য আজ জাপানের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে তারা। প্রথম ম্যাচে গ্রীসকে ৩-০ গোলে হারানো অ্যালেক্সিজ সানচেজের দলটি দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে আইভরি কোস্টকে। ফলে আজ জাপানের বিরুদ্ধে অনেকটা নির্ভার থাকবে তারা। এদিকে, এশিয়ান পরাশক্তি জাপানের পরের রাউন্ডে যেতে হলে কলম্বিয়াকে হারানোর পাশাপাশি প্রত্যাশা থাকতে হবে আইভরি কোস্টের বিরুদ্ধে গ্রীসের জয়েরও। ডেথ গ্রুপ ‘ডি’তে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ লড়বে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবং উরুগুয়ে। এই গ্রুপ থেকে প্রথম দল হিসাবে কোস্টারিকা নক আউট রাউন্ড নিশ্চিত করে ফেলায় দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের একটিকে আজ দেশের বিমান ধরতে হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইতালির কেবল ড্র হলেই চলবে তবে লুইস সুয়ারেজের উরুগুয়ের জয়ের কোন বিকল্প নেই। এদিকে, গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই পরের রাউন্ডে যাচ্ছে তারা। ‘ই’ এবং ‘এফ’ গ্রুপের শেষ দু্ই ম্যাচে দুই পরাশক্তি ফ্রান্স এবং আর্জেন্টিনা মোকাবেলা করবে যথাক্রমে ইকুয়েডর ও নাইজেরিয়ার। এরই মধ্যে নক আউট রাউন্ড নিশ্চিত করে ফেলা দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এই খেলাগুলো থেকে কেবল একটি পয়েন্ট নিতে পারলে নিশ্চিত হয়ে যাবে তাদের গ্রুপ শীর্ষস্থানও। ফ্রান্সকে হারাতে পারলে দ্বিতীয় দল হিসাবে ‘ই’ গ্রুপ থেকে নকআউট রাউন্ডে যাবে ইকুয়েডর। ড্র করতে পারলেও তাদের সামনে সুযোগ থাকছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড হন্ডুরাসকে বড় কোন ব্যবধানে না হারালে পরের রাউন্ডে চলে যাবে তারা। ইকুয়েডরের মতোই সমীকরণ নাইজেরিয়ার সামনেও। আর্জেন্টিনাকে রুখে দিতে পারলেই বসনিয়া এবং ইরানকে টপকে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তারা। তবে ‘জি’ গ্রুপ থেকে এখনো নক আউট রাউন্ড নিশ্চিত নয় কারো জন্যই। যদিও, প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারানোয় জার্মানি অন্য দলগুলোর চাইতে কিছুটা এগিয়ে আছে। শেষ ম্যাচে আমেরিকা জার্মানিকে রুখে দিতে পারলে পরের রাউন্ডে জার্মানির সঙ্গী হবে আমেরিকা। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোরপ র্তুগালের সামনে কঠিন সমীকরণ। শেষ ম্যাচে ঘানাকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি তাদের প্রার্থণা করতে হবে আমেরিকার হারও। ঘানার অবস্থাও প্রায় পর্তুগালের মতোই। শেষ ম্যাচে যদি তারা পর্তুগালের সঙ্গে জিততে পারে এবং জার্মানি আমেরিকাকে হারায় তাহলে নক আউট রাউন্ডের দিকে কিছুটা এগিয়ে যাবে তারা। তখন, হিসাব করা হবে আমেরিকার সাথে তাদের গোল ব্যবধান। তাই, অবশ্যই জয়ের পাশাপাশি ব্যবধান নিয়েও ভাবতে হবে মাইকেল এসিয়েন-আসামোয়াহ জিয়ানদের। ‘এইচ’ গ্রুপ থেকে এরই মধ্যে উত্তরণ নিশ্চিত করে ফেলেছে তারকাখচিত বেলজিয়াম দল। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে কোরিয়ার বিরুদ্ধে তাদের প্রয়োজন আরেকটি পয়েন্ট। তবে সেই ম্যাচে যদি কোরিয়া বেলজিয়ামকে হারিয়ে দেয় তাহলে সুযোগ চলে আসবে রাশিয়ার সামনে। শেষ ম্যাচে তারা আলজেরিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে নক আউট রাউন্ডে চলে যাবে। তবে বেলজিয়ামের পরে দ্বিতীয় জায়গা দখলের লড়াইয়ে রাশিয়া-কোরিয়ার চাইতে এগিয়ে আছে আলজেরিয়াই। প্রথম আফ্রিকান দল হিসাবে বিশ্বকাপে চার গোল করা দলটি এক জয় নিয়ে এই মুহূর্তে আছে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাশিয়াকে হারালে তো অবশ্যই ড্র করলেও গোল ব্যবধানে উত্তরণের সুযোগ থাকছে তাদের সামনে। -এএফপি।