গৌরীপুর মুমিনুন্নিসা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদকে দিগম্বর করার ঘটনার বিচারের দাবিতে গতকাল সোমবার এলাকাবাসী, শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতারা মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি কলেজরোড মোড়ে আসলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভকারীরা শহরে দফায় দফায় মিছিল করে। পরে প্রতিবাদ সমাবেশ থেকে আজ মঙ্গলবার উপজেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়া হয়।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদকে গত রবিবার স্থানীয় এমপির সমর্থকরা অস্ত্রের মুখে জিম্মি করে দিগম্বর করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে টেনে হেঁচড়ে কলতাপাড়ায় এমপির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যায়। সেবালয়ে প্রায় ঘন্টা খানেক আটকে রেখে নির্যাতন চালানোর পর বিবস্ত্র অবস্থায় ছেড়ে দেয়া হয় তাকে। পরে তিনি তার রেইন কোর্ট গায়ে জড়িয়ে বাড়ি ফেরেন।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, এই ঘটনায় ফরিদ উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় শহীদুল ইসলাম ও আকরাম মেম্বারে নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, ফরিদ উদ্দিন আহাম্মদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
